ময়মনসিংহের ভালুকায় আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ অনন্ত দাস (১৯) নামে যুবককে গ্রেপ্তার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাঠালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালী এলাকায় ভরাডোবা হাইওয়ে থানার জরুরি পার্টি ইনচার্জ সার্জেন্ট মাহমুদ ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনন্ত দাসকে আটক করে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার অনন্ত দাসকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শ্রীরাম চন্দ দাসের ছেলে।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জরুরি পার্টি ইনচার্জ সার্জেন্ট মাহমুদ ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/সাশ