‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মহুরী, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সুগত প্রিয় বড়ুয়াসহ প্রবীণ হিতৈষী সংঘের বিভিন্ন সদস্য এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। প্রবীণদের যথাযথ সম্মান, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে পরিবার ও সমাজের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রবীণদের একাকিত্ব দূর করার পাশাপাশি তাঁদের জন্য সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে তাঁদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আয়োজকেরা জানান, ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করে। প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি বার্ধক্য বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে দিবসটি পালন শুরু হয়।
দিবসটি প্রবীণ নাগরিকদের কল্যাণে কাজ করা এবং তাদের প্রতি সমর্থন জানানোর বিষয়ে জনগণ ও সরকারকে সচেতন করার পাশাপাশি প্রবীণদের বয়সজনিত বিভিন্ন সমস্যা সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধিরও সুযোগ সৃষ্টি করে।
কেকে/সাশ