‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপিই পথ দেখিয়েছে’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তিনি বলেন, “বিগত সরকারের সময়ে করা বিভিন্ন উন্নয়নকাজ এখন ধ্বংসপ্রায়। অধিকাংশ রাস্তা ভাঙাচোরা হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, “দেশের অবকাঠামো উন্নয়ন ও জনগণের দুর্ভোগ কমাতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সহসভাপতি অধ্যাপক ডা. জিয়াউল হাসান জিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল প্রমুখ।
এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ