বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       
দেশজুড়ে
টঙ্গীতে তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে টঙ্গীর তুরাগ নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটির নাম আবু ইউনুস (১০)। সে টঙ্গী বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহান মিয়ার ছেলে। নিখোঁজ অপর শিশুর নাম নিরব (৯)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে টঙ্গীর তুরাগ নদের জামাই বাজার রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে যায় ইউনুস ও নিরব। মাছ ধরার একপর্যায়ে নদের তীব্র স্রোতে ভেসে গিয়ে তারা দুজনেই নিখোঁজ হয়। 

ঘটনাটি জানার পরপরই স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে আলোক স্বল্পতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার রাত সাড়ে ৭টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার কাজ স্থগিত করা হয়।

পরদিন বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার তৎপরতা চালায়। ডুবুরিদের টানা অভিযানের পর দুপুর ১টার দিকে নিখোঁজ আবু ইউনুসের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার  শাহিন আলম বলেন, ‘বুধবার বিকালে শিশুদের নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আমাদের টিম উদ্ধার কাজ শুরু করে। গত রাতে অন্ধকারের কারণে স্থগিত থাকলেও আজ সকাল থেকে ডুবুরি দল পুরোদমে কাজ শুরু করে বেলা ১টার দিকে শিশু আবু ইউনুসের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ অপর শিশু নিরবকে উদ্ধারে নদীতে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে শিশু ইউনুসের মৃত্যুর খবরে বউবাজার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিখোঁজ অপর শিশু নিরবের পরিবারও নদের পাড়ে প্রিয় সন্তানের অপেক্ষায় দিন গুনছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close