‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং তালুকভূবন প্রতিবন্ধী বিদ্যালয় ও বেসরকারি সংস্থা শেয়ার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলার প্রবীণ ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম চাঁন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মো. সাজু আহমেদ লাল, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, গ্রাসরুটের চেয়ারম্যান মো. জহুরুল হক বুলবুল, শেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি, দুঃস্থ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ক্রমাগত বাড়ছে। প্রবীণদের দীর্ঘ জীবন যেন সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হয়, সে জন্য তাদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক সহায়তা এবং সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও অবদানকে যথাযথভাবে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যকালীন নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা প্রবীণদের প্রতি দায়িত্বশীল আচরণ, পারিবারিক বন্ধন জোরদার এবং তাদের জীবনমান উন্নয়নে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
কেকে/ এমএস