মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী হাইল হাওরাঞ্চলে অবৈধ মৎস্য শিকার ও মুক্ত পানিপ্রবাহ বাধার বিরুদ্ধে পরিচালিত অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে পরিচালিত চার ঘণ্টাব্যাপী এক ঝটিকা ভ্রাম্যমাণ আদালতে পরিচালিত অভিযানে এসব অবৈধ জাল বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাইল হাওরের অতি স্পর্শকাতর জলমহাল—চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল ও হাওরী খালে এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জয় বণিক। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল।
অভিযানকালে বিভিন্ন পয়েন্টে পাতা ১০০টি ক্ষতিকর রিং জাল (আনুমানিক দৈর্ঘ্য ১,০০০ মিটার, মূল্য ৩ লাখ টাকা) এবং ২০টি নিষিদ্ধ মশারি জাল (আনুমানিক দৈর্ঘ্য ৪,০০০ মিটার, মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা) হাতেনাতে জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় উৎসুক জনতার উপস্থিতিতে আয়োজিত এক প্রকাশ্যে জব্দকৃত সবকটি জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়। একই সাথে হাওরের মুক্ত পানিপ্রবাহ ও মৎস্য প্রজনন স্বাভাবিক রাখতে বেআইনিভাবে নির্মিত একাধিক নেটের বাঁধ গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘হাওরের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা ও মুক্ত পানিপ্রবাহ বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশীয় মাছ ধ্বংসকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’
কেকে/ এমএস