বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      
দেশজুড়ে
মাতামুহুরীতে কৃষিপণ্য সংরক্ষণে আশার আলো ‘মিনি কোল্ড স্টোরেজ’
এম. মনছুর আলম, চকরিয়া (কক্সবাজার)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ বাড়াতে ‘ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় তার নির্বাচনি এলাকার মাতামুহুরী উপজেলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কোল্ড স্টোরেজটির উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফেরদৌসী জাহান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জানা গেছে, নবগঠিত মাতামুহুরী উপজেলা সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত। এসব ইউনিয়নের অধিকাংশ এলাকাই কৃষিপ্রধান হওয়ায় বিপুলসংখ্যক মানুষ কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রতিবছর বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদিত হলেও পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থা না থাকায় কৃষকদের অনেক সময় উৎপাদিত পণ্য দ্রুত ও তুলনামূলক কম দামে বিক্রি করতে হয়। বিশেষ করে পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের ক্ষেত্রে এ ধরনের কোল্ড স্টোরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দেশে প্রধানত দুই মৌসুমে ফসল উৎপাদিত হয়—রবি মৌসুম (শীতকাল) এবং খরিফ মৌসুম (গ্রীষ্ম ও বর্ষাকাল)। মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষকরা তাঁদের উৎপাদিত পচনশীল শাকসবজি ও ফলমূল কম খরচে সংরক্ষণ করে সতেজ রাখতে পারবেন। এটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে এলাকার কৃষিপণ্য সংরক্ষণের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, পর্যাপ্ত হিমাগার বা কোল্ড স্টোরেজ না থাকায় প্রতিবছর এলাকার উৎপাদিত শাকসবজি ও ফলমূলের প্রায় ৪০ থেকে ৪৪ শতাংশ নষ্ট বা পচে যায়। মাতামুহুরী উপজেলায় হিমাগারে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় আলু, টমেটোসহ মৌসুমি শাকসবজি ও তরিতরকারি অনেক সময় ক্ষেতেই নষ্ট হয়ে যায়।

ফসলের দাম পড়ে গেলে অনেক সময় কৃষক উৎপাদিত ফসল বাজারে আনতে অনুৎসাহিত হন। আবার পচে যাওয়ার আশঙ্কায় কৃষকরা পানির দামে বিভিন্ন শাকসবজি ও তরিতরকারি বিক্রি করতে বাধ্য হন। কখনো বিক্রি করতে না পেরে উৎপাদিত পণ্য ফেলে দেওয়ার ঘটনাও ঘটে।

কৃষিপণ্য উৎপাদনের পর সময়মতো সংরক্ষণ ও সঠিকভাবে বাজারজাত করা গেলে কৃষকদের লোকসান কমানোর পাশাপাশি উৎপাদনও বাড়ানো সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ ক্ষেত্রে উপজেলার সাতটি ইউনিয়নের কৃষকদের জন্য ‘মিনি কোল্ড স্টোরেজ’ আশার আলো হয়ে উঠতে পারে। এটি কার্যকরভাবে পরিচালিত হলে সবচেয়ে বেশি লাভবান হবেন প্রান্তিক কৃষকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ চালুর ফলে স্থানীয় কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য কিছু সময় সংরক্ষণ করে বাজার পরিস্থিতি বিবেচনায় বিক্রি করার সুযোগ পাবেন। এতে কৃষিপণ্যের অপচয় কমানোর পাশাপাশি কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাত ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করতে মাতামুহুরী উপজেলায় সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close