রংপুরের তারাগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সামিনুর রহমান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বলাকা আবাসিক এলাকার জানে আলম এক্সেস সড়কের কর্ণফুলী হার্ডওয়্যার দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত সামিনুর রহমান তারাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর বাহাদুরপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের কৃষ্ণপুর বাহাদুরপাড়া গ্রামের হাতঘোপার বিল এলাকায় এ ঘটনা ঘটে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, পদ্মফুল তুলে দেওয়ার এবং খাবার কিনে দেওয়ার কথা বলে অভিযুক্ত যুবক ওই শিশুকে বিলের সরকারি খাস জমির একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি তারাগঞ্জ থানার মামলা নম্বর-১৬, তারিখ ২৮ আগস্ট ২০২৬। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত সামিনুর রহমান আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিচয় আইনগত কারণে গোপন রাখা হয়েছে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/এমএস