মাদকের বিস্তার রোধে শুধু অভিযান ও গ্রেপ্তার যথেষ্ট নয়, পরিবার থেকে সমাজের সর্বস্তরে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।
বক্তারা বলেন, মাদক একজন মানুষকে বিপথে ঠেলে দেওয়ার পাশাপাশি একটি পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজের ভবিষ্যৎ প্রজন্মকেও ঝুঁকির মধ্যে ফেলে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার হাসানগঞ্জে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধির কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন এ সভার আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে তরুণ ও যুবসমাজকে সচেতন করার পাশাপাশি তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করতে হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাদকবিরোধী সচেতনতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন বক্তারা।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুস সবুর, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজমুল হুদা এবং বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম শামীম।
সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সুন্দরগঞ্জ প্রতিনিধি ও হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি মো. আব্দুর রহমান শিপন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ।
সাংবাদিক মো. রিয়াদ হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. সাইফুল ইসলাম, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মো. জাহিদ হাসান জীবন, ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তা, হাসানগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. আবু হানিফ মিয়া, এম জে আই মিলন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের কার্যক্রম আরও জোরদার, নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি পালন এবং স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ধারাবাহিক সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ার পথ তৈরি করা সম্ভব।
কেকে/সাশ