কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সাদিয়া (১৫) নামে দশম শ্রেণির মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি মেঘনাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিজ শোবার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
সাদিয়া ওই এলাকার বাসিন্দা ইয়ানুর রহমানের মেয়ে এবং বাহাদুরপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একই এলাকার আসিফ নামে এক তরুণের সঙ্গে সাদিয়ার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে তাদের বিয়ের বিষয়টিও প্রায় চূড়ান্ত হয়েছিল। এমনকি আসিফের পরিবারের পক্ষ থেকে সাদিয়াকে আংটি ও নাকফুল পরানো হয়েছিল।
তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে সাদিয়ার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর আগের রাতে আসিফের সঙ্গে সাদিয়ার মোবাইল ফোনে কথা ও ইমুতে চ্যাটিং হয়েছিল বলে জানান আসিফ।
আসিফের ভাষ্য, তিনি আরও এক-দুই মাস পর বিয়ে করতে চেয়েছিলেন। তবে সাদিয়া দ্রুত বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।
সাদিয়ার বাবা ইয়ানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকি করেও সাদিয়ার কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মেয়ে ঝুলে আছেন।
খবর পেয়ে ভেড়ামারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কেকে/সাশ