লালমনিরহাটে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল বিকালে লালমনিরহাট স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আদিতমারী উপজেলার পূর্ব দৌলজোর এলাকায় রেলওয়ে লাইনে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার বিকাল ৩টার দিকে লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পূর্ব দৌলজোর এলাকায় পৌঁছায়। এর কিছুক্ষণ আগ থেকেই ওই নারী মুখ ঢেকে রেলওয়ে লাইনের পাশের একটি গাছের নিচে নির্জন স্থানে বসেছিলেন। ট্রেনটি কাছাকাছি আসামাত্রই তিনি হঠাৎ লাইনে উঠে পড়েন। চলন্ত ট্রেনের প্রচণ্ড ধাক্কায় তার শরীর বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রেনটি ওই নির্জন স্থানে কিছুক্ষণের জন্য থামলেও পরে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ট্রেনের ধাক্কায় তার চেহারা সম্পূর্ণ বিকৃত ও ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাকে চেনার কোনো উপায় নেই। তবে ধারণা করা হচ্ছে, তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং বিবাহিত বা মধ্যবয়সী কোনো নারী। ঘটনাস্থলে রেলওয়ে লাইনের বিভিন্ন স্থানে তার হাতের ভাঙা শাখা পড়ে থাকতে দেখা গেছে এবং তার হাতের আঙুলে আলতা দেওয়া ছিল।
লালমনিরহাট রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের পরিচয় ও ওয়ারিশ শনাক্তের চেষ্টা চলছে। যদি পরিচয় শনাক্ত করা সম্ভব না হয়, তবে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।’
কেকে/এমএ