ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
তিনি জানান, তাকে থানায় দিয়ে গেছে ডিবি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাজে বাধা দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া পরিচালনা করবে বিমানবন্দর থানা পুলিশ।
এর পূর্বে সন্ধ্যার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর (ডিবি) গোয়েন্দা পুলিশ। বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।
কেকে/এমএ