গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ আগে দেশবাসীর কাছে দোয়া চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। এতে তিনি জনগণ ও বিশেষ করে প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন তিনি। এর কিছুক্ষণ পর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, হুমকি ও নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
ভিডিও বার্তায় রঞ্জন বলেন, “ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি দেশবাসীর কাছে তার জন্য দোয়া করার অনুরোধ জানান।”
তিনি বলেন, “জনগণ ও দেশের মানুষের জন্য কাজ করার পাশাপাশি প্রবাসীদের অধিকার রক্ষায়ও তিনি ভূমিকা রাখতে চান।” প্রয়োজনে দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করার আকাঙ্ক্ষার কথাও ভিডিওতে তুলে ধরেন তিনি।
রঞ্জন আরও বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তিনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশবাসীর কাছে ভালো থাকার আহ্বান জানান।
এদিকে রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মিছিল থেকে তার মুক্তির দাবি জানানো হয়।
রঞ্জনের গ্রেপ্তারের সূত্রপাত হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা থেকে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ডার পর সরকারি কাজে বাধা, হুমকি ও মারধরের অভিযোগে মামলা করা হয়।
মামলার পর শুক্রবার সন্ধ্যায় ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তরের তথ্যও জানিয়েছে পুলিশ।
কেকে/সাশ