আন্তর্জাতিক কৌশলগত সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া অনুষ্ঠানে যোগ দেন তিনি।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে আয়োজিত এবারের সংলাপের প্রতিপাদ্য—‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। তিন দিনের এই আয়োজন চলবে ৩ থেকে ৫ অক্টোবর।
উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এতে বাংলাদেশের অবস্থান, পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনার বিভিন্ন দিক উঠে আসবে।
সংলাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাজনীতিক, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছেন। বৈশ্বিক রাজনীতি ও নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু এবং সুশাসনসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
এবারের আয়োজন পাঁচটি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে—পরিবর্তনশীল বৈশ্বিক ক্ষমতার কাঠামো, প্রযুক্তির নতুন দিগন্ত, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ, জলবায়ু ও মানবনিরাপত্তা এবং গণতন্ত্র ও সুশাসন।
এ ছাড়া বঙ্গোপসাগরকে ঘিরে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও যোগাযোগের সম্ভাবনা এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তিত কৌশলগত বাস্তবতাও সংলাপের আলোচনায় গুরুত্ব পাবে।
কেকে/সাশ