কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুঁটিমারী খালের ওপর বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের বাসিন্দারা। জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার অপেক্ষায় না থেকে এবার নিজেদের উদ্যোগেই সাঁকোটি পুনর্নির্মাণের কাজ শুরু করেছেন স্থানীয়রা।
প্রায় ৬০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় খাল পারাপারে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও জরুরি প্রয়োজনে চলাচলকারীদের দুর্ভোগ বেড়ে যায়। পরে কয়েকজন শ্রমিককে সঙ্গে নিয়ে সাঁকোটি মেরামতের উদ্যোগ নেন এলাকাবাসী।
সাঁকো নির্মাণের জন্য স্থানীয়রা বাড়ি বাড়ি গিয়ে বাঁশ সংগ্রহ করছেন। নিজেদের অর্থ ও শ্রমে চলছে মেরামতের কাজ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারাপারের এই সমস্যার স্থায়ী সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা কাজল বলেন, “গত দুই বছর ধরে এপার-ওপার যাতায়াতে এই সাঁকো ব্যবহার করা হচ্ছে। সপ্তাহখানেক আগে তিনজন একসঙ্গে পার হওয়ার সময় সাঁকোটি ভেঙে যায়। এরপর এলাকার সবাই মিলে সহযোগিতার মাধ্যমে সেটি পুনর্নির্মাণের উদ্যোগ নেন।”
আরেক বাসিন্দা আব্দুর রশিদ বলেন, “পুঁটিমারী খাল পারাপারে এলাকাবাসীর একমাত্র ভরসা এই সাঁকো। প্রতিবছরই এটি মেরামত করতে হয়। খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।”
স্থানীয়দের দাবি, অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণের বদলে পুঁটিমারী খালের ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কেকে/সাশ