কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌরসদরের আনোয়ারখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন—আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) এবং তার বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে কোনো একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর স্বজনরা শিশু দুটিকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ। অল্প বয়সী দুই শিশুর এমন মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয় বাসিন্দা আতাউল গনি বলেন, ‘শিশু দুটি বাড়ির পাশেই খেলছিল। কখন যে তারা পুকুরের পানিতে পড়ে গেছে, পরিবারের সদস্যরা তা বুঝতে পারেননি। পরে খোঁজাখুঁজি করে তাদের পুকুর থেকে উদ্ধার করা হয়। এত অল্প বয়সী দুই শিশুর একসঙ্গে এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের।’
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/সাশ