চলনবিলে শিকারীদের ফাঁদে পড়া অর্ধশতাধিক বক অবমুক্ত করেছেন পরিবেশ কর্মীরা।
শনিবার (৩ অক্টোবর) ভোরে নাটোরের সিংড়া উপজেলার আগমুরশন, বামিহাল, কাকিয়ান, পূর্বভেংড়ী বিলের বিভিন্ন স্থানে পেতে রাখা ফাঁদ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চলনবিলের বিভিন্ন স্থানে ধানের জমিতে পাখি শিকারীরা কলা-খেজুরের পাতা ও বাঁশ দিয়ে তৈরী বিশেষ ফাঁদ দিয়ে বক পাখি শিকারে মেতে উঠেছে। স্থানীয়দের কাছে এমন খবর পেয়ে বিলে যায় পরিবেশকর্মীরা। এ সময় তিন পাখি শিকারীসহ অর্ধশতাধিক বকপাখি উদ্ধার করা হয়। ধ্বংস করা হয় পাখি ধরার দশটি ফাঁদ।
তিন পাখি শিকারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম তাদের প্রত্যেককে একদিনের জেল ও দুই হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক
হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল প্রমুখ।
কেকে/এআই