গাজীপুরের টঙ্গীর আন্দারুল এলাকা থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এতে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় এক ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে ককটেল ও ব্যানার উদ্ধার করা হয়।
শনিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে ককটেলগুলো নিস্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় দুপুরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন আন্দারুল এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বিস্কুটের কার্টুনের ভিতর থেকে ১০টি ককটেল ও ২টি ব্যানার উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
স্থানীয়দের দাবী শনিবার রাত আনুমানিক দেড়টা থেকে পৌনে দুইটার দিকে একটি প্রাইভেট কার যোগে স্থানীয় শাহজালাল নামের এক ব্যাক্তি পরিকল্পিতভাবে ককটেলগুলো ছাত্রলীগ নেতার বাড়িতে ককটেলগুলো রেখে যায়। এর পনের মিনিট পরেই পুলিশ এসে বাড়টি ঘিরে ফেলে এবং ককটেলগুলো উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বিস্কুটের কার্টুন থেকে দশটি তাজা ককটেল ও দুইটি ব্যানার উদ্ধার করা হয়। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
কেকে/এআই