প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বলেছেন, ‘সরকার অপরাধীদের শাস্তি দেয়, আর জামায়াতে ইসলামী অপরাধীদের আস্কারা দিচ্ছে।’
শনিবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সব কথা বলেন সুজাউদ্দৌলা।
জানা যায়, বিমানবন্দরের দুই কর্মকর্তার গায়ে হাত তোলা এবং নির্বাহী পরিচালককে মারতে উদ্যত হওয়ার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি এ পোস্ট দেন।
সুজাউদ্দৌলা বলেন, ‘জুলাই আন্দোলনকারীদের রাজাকার বানিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে আরেকজন কথিত নেতা মেজর আখতারুজ্জামান। স্বৈরাচার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও মেজর আখতারুজ্জামান জামায়াতে যোগ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আখতারুজ্জামান বিমানবন্দরের দুই কর্মকর্তার গায়ে হাত দিয়েছেন এবং নির্বাহী পরিচালককে যাচ্ছেতাই মুখের ভাষা ব্যবহার করে মারতে উদ্যত হয়েছেন।’
ডিউটিরত অবস্থায় গায়ে হাত তোলা ফৌজদারি অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি অভিযোগ করেন, মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের পর জামায়াতের নেতারা তার পক্ষে অবস্থান নিয়েছেন। জামায়াতের আমির বিবৃতি দিয়ে মেজর আখতারুজ্জামান অপরাধ করেননি বলেছেন ।
জামায়াতের সমালোচনা করে সুজাউদ্দৌলা বলেন, ‘জামায়াতের মেশিনে গেলে সব জায়েজ হয়ে যায়! আগে আওয়ামী লীগের মেশিনে রাজাকার গেলে মুক্তিযোদ্ধা হয়ে বের হতো আর এখন জামায়াতের মেশিনে অপরাধী, দুর্নীতিবাজ ও ধর্ষকরা গেলে ফেরেশতা হয়ে বের হয় এবং ছাগল চোর গেলে রাজনীতিবিদ হয়ে বের হয়।’
পোস্টে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা পালানোর সময় তাদের ‘মাশতাতো ভাই’ জামায়াতের কাছে এ মেশিন দিয়ে গেছেন। বিরুদ্ধে গেলেই চাঁদাবাজ আর সঙ্গে থাকলেই পীরসাপ!’
পোস্টের শেষে সুজাউদ্দৌলা বলেন, ‘সরকার অপরাধীদের শাস্তি দেয় আর জামাত দিচ্ছে আস্কারা।’
কেকে/এআই