মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সাথে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রকাশ করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি বলেন, ‘ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া গেছে।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতা ও তাদের স্বামী-স্ত্রীদের সম্মানে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই নৈশভোজের আয়োজন করেন। গেল ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে নৈশভোজটি অনুষ্ঠিত হয়। সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে তখন নিউইয়র্কে ছিলেন তারেক রহমান। তার সফরসঙ্গী ছিলেন জুবাইদা রহমান।
জাতিসংঘের ৮১ তম অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠক করেন মেলানিয়া ট্রাম্প। সেখানে তিনি বিশ্বব্যাপী শিশুদের কল্যাণে তার উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উন্মোচন করেন। অন্য দেশের ফার্স্ট লেডিদেরও এ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেল ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটি ছিল তার প্রথম ভাষণ। সফর শেষে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।
এছাড়া ২২ সেপ্টেম্বর সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন। এতে তারেক রহমান ও জুবাইদা রহমানও অংশ নেন।
কেকে/এমএ