বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবীন সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জনকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের কাচারী বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রমজান আলী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নায়েবে আমির আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা, ব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়ম নিয়ে প্রকাশ্যে কথা বলার পর আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দাবি, বিমানবন্দরের অব্যবস্থাপনা ও যাত্রীদের ভোগান্তি নিয়ে প্রশ্ন তোলার কারণে একজন বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকা প্রয়োজন। বিমানবন্দরের যাত্রীসেবা ও ব্যবস্থাপনা নিয়ে কথা বলাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তারা আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, শুক্রবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনায় করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এর আগে শুক্রবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদীতেও আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করে।
কেকে/এআই