গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দুইটি ঝুট গুদাম ও একটি গ্যারেজে থাকা আনুমানিক ৫০ লক্ষ টাকার মালামাল।
শনিবার (৩ অক্টোবর) বিকালে স্থানীয় পাগাড় সোসাইটি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোসাইটি মাঠ এলাকায় উইন্ডি গার্মেন্টস সংলগ্ন জনৈক শাহিনের গোডাউনে বিকাল চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গোদামে দাহ্য পদার্থ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পরে। এ সময় পার্শ্ববর্তী উইন্ডি গার্মেন্টস ফায়ার হাইড্রেন্ট দিয়ে প্রতিষ্ঠানের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘গোডাউনে কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে।
স্থানীয়দের দাবি অবৈধভাবে পেশিশক্তি ব্যবহার করে আবাসিক এলাকায় এ গোডাউনগুলো স্থাপন করা হয়েছে। যার দরুণ এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। অবিলম্বে এ সব গোডাউন অপসারণের দাবি জানান তারা।
কেকে/এআই