নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে শনিবার (৩ অক্টোবর) সরকারি এ সফরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
আইএসপিআর জানায়, সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন। পাশাপাশি তিনি মেলবোর্নে অবস্থিত ডেকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।
পরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন বলে জানিয়েছে আইএসপিআর।
কেকে/ এমএস