সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তি ও গালিগালাজের অভিযোগে মামুন নামের এক প্রবাসফেরত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মামুন শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মারামারির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুদিন ধরে অভিযুক্ত মামুন তার টিকটক অ্যাকাউন্টে ভিডিও তৈরি করে অশালীন মন্তব্য করে আসছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মামুনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গিয়াসনগর বাজার এলাকায় বিএনপি নেতাকর্মী ও ক্ষুব্ধ জনতা জড়ো হন।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী ও গিয়াসনগর ইউনিয়নের ইউপি সদস্য মীর শামীম আহমেদ অভিযোগ করে বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে কোনো অসৎ চক্রের প্ররোচনায় মামুন পরিকল্পিতভাবে এই কটূক্তি করেছে।’
এদিকে জেলা যুবদলের সহসভাপতি জিল্লুর রহমান দাবি করেন, গ্রেপ্তারকৃত যুবক আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে অসন্তোষ তৈরি করতে এমন ভিডিও প্রকাশ করেছিল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, টিকটকে অশালীন মন্তব্যের অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ এমএস