রাজশাহী মহানগরীকে টেকসই, আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে সম্ভাব্য উন্নয়ন প্রকল্পের পরিধি নির্ধারণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে বৈঠক করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নগরীর অবকাঠামো, বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা, সুয়ারেজ, আবাসন ও পর্যটনসহ নাগরিকসেবার বিভিন্ন খাত নিয়ে সভায় আলোচনা হয়।
রোববার (৪ অক্টোবর) সকালে নগর ভবনের সরিৎ দপ্তর গুপ্ত নগর সভাকক্ষে ‘নর্থ বেঙ্গল সিটি লিভ্যাবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ২০২৮’-র প্রজেক্ট স্কোপিং মিশন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় রাসিক প্রশাসক বলেন, ‘রাজশাহীকে আরও টেকসই, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে।’
এডিবির সহযোগিতায় নগর উন্নয়নের এ উদ্যোগ আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় নগরীর বিদ্যমান সমস্যা, উন্নয়নের সম্ভাবনা ও ভবিষ্যৎ প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি সম্ভাব্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এডিবি ও রাসিকের কর্মকর্তারা।
সভায় এডিবির ওয়াটার অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট সেক্টরের মিশন টিম লিডার দাওয়া চোকিসহ প্রতিনিধি দলের সদস্যরা এবং রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দাওয়া চোকিকে সম্মাননা স্মারক দেন রাসিক প্রশাসক।
কেকে/এআই