আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বরিশালের উজিরপুরে প্রবীণদের নিয়ে আলোচনা সভা ও সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রবীণদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে রাষ্ট্রীয়ভাবে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা।
শনিবার (৩ অক্টোবর) শিকারপুর বন্দরে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উজিরপুরের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এসএম মাহমুদুর রহমান সবুজ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক এফএম গিয়াস উদ্দিন, সহসভাপতি গফুর উদ্দিন মঞ্জু, কার্যকরী সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনসহ সংগঠনের নেতারা।
সভায় বক্তারা বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রবীণদের শারীরিক, সামাজিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে কল্যাণমুখী কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
সভায় প্রবীণদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে সরকারি উদ্যোগ বাড়ানোর পাশাপাশি তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেওয়া হয়। সভায় প্রবীণদের মধ্যে লাঠি বিতরণ করা হয়।
কেকে/এআই