বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবীন সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
রোববার (৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীদের হাতে মুক্তির দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ডও দেখা যায়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা যুব বিভাগের সভাপতি আলি কাওছার রনি ও কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসান আল মামুন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য। তাকে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে বলে তারা দাবি করেন। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, আখতারুজ্জামান রঞ্জনকে দ্রুত মুক্তি দেওয়া না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। একই সঙ্গে তার বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করারও দাবি জানান তারা।
এর আগে, শুক্রবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনায় করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
মামলায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রোববার তাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কেকে/এআই