যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৬’-র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে বিশেষ মাত্রা যোগ করেছে।
রোববার (০৪ অক্টোবর) সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘শিক্ষার্থীদের কেবল শ্রেণীকক্ষ ও গবেষণাগারেই সীমাবদ্ধ থাকলে চলবে না; মেধা ও মননের সুষম বিকাশে ক্রীড়া ও সংস্কৃতির ভূমিকা অপরিহার্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলোয়াড়সুলভ মনোভাব সুদৃঢ় হয়।’
তিনি টুর্নামেন্টের অংশগ্রহণকারী সকল দলকে শুভকামনা জানান এবং সুশৃঙ্খলভাবে খেলা পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘খেলাধুলাকে খেলাধুলার মতো করেই ইতিবাচক ও আনন্দঘন পরিবেশে উপভোগ করতে হবে। বিজয়ের আনন্দের পাশাপাশি পরাজয়কেও স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। এক বিভাগের সঙ্গে অন্য বিভাগের খেলা হলেও মনে রাখতে হবে মাঠে প্রতিপক্ষ সবাই আমাদের সহপাঠী ও ভাই।’
তিনি আরও বলেন, ‘খেলার মাঠে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে সবসময় এগিয়ে থাকে। আশা করি, এ টুর্নামেন্টের মাধ্যমে যবিপ্রবি ফুটবল দলের জন্য দক্ষ খেলোয়ার বাছাই সম্ভব হবে এবং তারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যাম্পিয়নশিপ ট্রফি বয়ে আনবে।’
অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৬’-র সাংগাঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাসিম রেজা, শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।
কেকে/এআই