কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের পাশাপাশি বাইরে রাখা তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় আখড়াবাড়ির নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালন শাহের আখড়াবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় সফরসঙ্গীদের নিয়ে লালন শাহের মাজারে প্রবেশ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। আখড়াবাড়ি পরিদর্শন শেষে লালনশিল্পীদের গান পরিবেশনের স্থান ঘুরে দেখার সময় একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়। পরে আখড়াবাড়ির বাইরে রাখা তার গাড়িতে ভাঙচুর করা হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে নাসির উদ্দিন পাটোয়ারীকে নিরাপদে মাজার প্রাঙ্গণে নিয়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
ঘটনার সময় আখড়াবাড়ির ফটকের সামনে পুলিশের উপস্থিতি ছিল বলে স্থানীয়দের দাবি। পুলিশের উপস্থিতির মধ্যেই হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন হওয়ার কথা রয়েছে। এর আগে এমন ঘটনায় আসন্ন আয়োজনের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এর আগে নাসির উদ্দিন পাটোয়ারী কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করেন। সেখান থেকে তিনি লালন শাহের আখড়াবাড়িতে যান।
এনসিপির কুষ্টিয়া জেলা কমিটির সদস্যসচিব আবু তালহা অভিযোগ করে বলেন, ‘নাসির উদ্দিন পাটোয়ারী কুঠিবাড়ি পরিদর্শন শেষে লালন শাহের মাজারে আসেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে আমরা মনে করছি। পুলিশের উপস্থিতিতে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।’
অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাসির উদ্দিন পাটোয়ারীর আগমনের বিষয়ে তাদের আগে থেকে অবহিত করা হয়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ‘তিনি লালন শাহের মাজারে এসেছেন, তা আমরা জানতাম না। আমাদের আগে থেকে জানানো হলে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা যেত।’