আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সমগ্র মৌলভীবাজার জেলাজুড়ে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদার করেছে জেলা প্রশাসন। জেলার সাতটি উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে রেকর্ড ১ হাজার ১৮টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের পূজা। উৎসব মুখর, সুষ্ঠু ও অসাম্প্রদায়িক পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাশ এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইয়ামির আলীসহ জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, ১ হাজার ১৮টি মণ্ডপে একযোগে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসন, পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
প্রতিটি মণ্ডপে কঠোর আইনশৃঙ্খলা রক্ষা এবং বিশেষ নজরদারি, পূজার দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, দর্শনার্থীদের যাতায়াত সুগম করতে প্রধান প্রধান সড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সমন্বিত নজরদারি দল গঠনের সিদ্ধান্তের কথা জানায় জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাপ্ত নির্দেশনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন, যেন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি শুরুতেই রোধ করা সম্ভব হয়।
কেকে/এআই