যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সাত মাস ধরে চলা সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে এবার বড় ধরনের ধাক্কা খেল ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতি। তীব্র অর্থনৈতিক চাপ ও চলমান সংকটময় পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ।
রোববার (৪ অক্টোবর) তাসনিম নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি।
প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানিয়েছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির জন্য হামিদ বোভার্ডকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে মোহসেন পাকনেজাদের পদত্যাগের কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
নতুন ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হামিদ বোভার্ড এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের বড় একটি অংশ তেলক্ষেত্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিল।
এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শনিবার বলেছেন, সমুদ্রে ইরানের আর কোনো তেলের চালান অবশিষ্ট নেই। ফলে চলতি সপ্তাহে ইরান তেল থেকে কোনো রাজস্ব আয় করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যসূত্র: আনাদুলু এজেন্সি
কেকে/ এমএস