‘শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সিএ এস এম শওকতের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোরশেদা আক্তার বানু, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলামসহ অনেকে। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, মর্যাদা বৃদ্ধি এবং তাঁদের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
কেকে/ এমএস