গ্রাহকদের শেয়ার লেনদেন আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেড ও কোয়ান্ট ফিনটেক লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এসএফআইএল সিকিউরিটিজের গ্রাহকরা কোয়ান্ট ফিনটেকের আধুনিক ‘কিউ ট্রেড’ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ব্যবহারের সুযোগ পাবেন।
চুক্তির আওতায় প্রযুক্তিনির্ভর এ প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা শেয়ারবাজারে আরও দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে লেনদেন পরিচালনা করতে পারবেন। এতে শেয়ার কেনাবেচার প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি গ্রাহকদের সামগ্রিক লেনদেন অভিজ্ঞতায়ও পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান তামিম মারযান হুদা এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ হোসাইন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন তারা।
সংশ্লিষ্টরা জানান, নতুন এ প্রযুক্তিগত সেবার মাধ্যমে শেয়ার লেনদেনে স্বয়ংক্রিয়তার পরিধি বাড়বে। একই সঙ্গে গ্রাহকদের জন্য দ্রুত ও কার্যকর ট্রেডিং সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শেয়ারবাজারে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণেও এটি ভূমিকা রাখবে।
কেকে/এআই