কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিং মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে চাঞ্চল্যকর যুবদল নেতা জিসানকে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা রহস্য উদঘাটন করা হয়।
সংবাদ সম্মেলনে আরিফুর রহমান জানান, গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকা হতে জিসানকে সাদা/সিলভার রঙের নোহা গাড়িতে করে অপহরণ করা হয়। পরবর্তী পুলিশ খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় তার মরদেহ উদ্ধার করেন। বিভিন্ন তথ্য-প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে আনোয়ার হোসেন প্রকাশ কাল্লু ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত জিসাত মিয়া প্রকাশ শওকত ড্রাইভারকে (২৯) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলভার রঙের নোহা গাড়ি, রেজিঃ নং- চট্টমেট্রো-চ-১১-৫৯৬৯ জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও কিলিং মিশনে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থদাতা ও অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
যুবদল নেতা জিসান হত্যাকান্ডের মামলা : চকরিয়া থানার এফআইআর নং-৪৪, তারিখ :২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.; ধারা-৩৪১/৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড। চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িত সকল আসামিকে আইনের আওতায় আনতে চকরিয়া থানা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনের প্রেস ব্রিফিং জানান।
কেকে/এআই