বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দুপুরের দিকে তিল্লি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ব্যানারটিও জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক দিবস উপলক্ষে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, র্যালিতে ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়।
সাটুরিয়া থানার পুলিশ জানায়, আটক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া। তিনি কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তবে শিক্ষক দিবসের কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তির নাম-সংবলিত ব্যানার ব্যবহারের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনাটি যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
কেকে/এআই