ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং মাদক, জুয়া ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিদের সামনে ধামর ফালুর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মো. মোস্তাফিজুর রহমান (বিএসসি), বিএনপি নেতা মো. খায়রুল ইসলাম, মাও. এমদাদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, কুশমাইল ইউনিয়নে ধামর ফালুর বাজারে মাদক বিক্রেতা ও জুয়াড়িদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এলাকার সাধারণ জনগণ।
তারা আরও বলেন, মাদক ও জুয়ার বিস্তারের কারণে তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে। তারা মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশ থেকে এলাকায় মাদক, জুয়া ও সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
কেকে/এআই