সারাদেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ২৭১ জনে দাঁড়াল। এ ছাড়াও গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এ সময়ে বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩, খুলনা বিভাগে ৩০৬, ময়মনসিংহ বিভাগে ৯৮, রাজশাহী বিভাগে ১০৫, রংপুর বিভাগে ৬৬ ও সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২৩ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২২, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।
কেকে/এআই