দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর একদিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা ২০-২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি ছিল। তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা ছিল। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তে ওই দিনও সরকারি ছুটি থাকছে।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে শুরু করে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এ দিকে চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
কেকে/এআই