কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এক হাজার স্কুল ব্যাগ, ২০০টি বিভিন্ন শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বৌলাই ইউনিয়নের পাটধা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এ সব উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহ বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সবুজ ও সুন্দর করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মারুফ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৌলাই ইউনিয়নের পাঁচটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং দুটি মাদরাসাসহ মোট সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ সব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে একটি মাদরাসার শিক্ষার্থী আরবি ভাষায় প্রধান অতিথিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেয়।
অনুষ্ঠানে পাটধা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা জানান, ইউনিয়নের কয়েকটি বিদ্যালয়ে সীমানাপ্রাচীর ও নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে। রাতে বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এ কারণে বিভিন্ন সময় চুরির ঘটনাও ঘটছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সীমানাপ্রাচীর নির্মাণ ও নৈশপ্রহরী নিয়োগের দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা। পাশাপাশি বিদ্যালয়গুলোর অন্যান্য অবকাঠামোগত সমস্যারও সমাধান দাবি করেন তারা। পরে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের জন্য এক হাজার স্কুল ব্যাগ, ২০০টি বিভিন্ন শিক্ষা উপকরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের উদ্যোগের কথা জানান। পরে তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মধ্যে এ সব উপকরণ তুলে দেন।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষকরা বলেন, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি গাছের চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতাও তৈরি হবে।
মো. কামরুল হাসান মারুফ বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে উপজেলা প্রশাসন কাজ করছে। শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে গাছের চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন করে তোলার চেষ্টা করা হচ্ছে।’
প্রধান অতিথির বক্তব্যে মো. মাজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই শিক্ষা খাতকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব সমস্যা তুলে ধরা হয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ দিতে হবে। সুন্দর ও নিরাপদ পরিবেশে শিক্ষার্থীরা বেড়ে উঠলেই তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
কেকে/এআই