গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংগুয়া উচ্চ বিদ্যালয়ে বজ্রপাতে অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের সবাই মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান খোলা কাগজকে বলেন, দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় বিদ্যালয়ের ভবনে ক্লাস চলছিল। একটি বজ্রপাতের বিকট শব্দে নিচতলার অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
তিনি বলেন, শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রতিবেশীদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের অটোরিকশায় করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের পাশে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরই বজ্রপাত শুরু হয়। এরপর বিদ্যালয়ের নিচতলা থেকে শিক্ষার্থীদের কান্নার শব্দ শুনতে পান তিনি। দৌড়ে গিয়ে দেখেন, ১৮ থেকে ২০ জন শিক্ষার্থী পড়ে আছে। পরে তাদের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আ. মতিন জানান, ছয়জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. তানভীর বলেন, ‘আমাদের এখানে কেউ আসেনি। তবে সম্ভবত তারা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন।’
এ বিষয়ে জানতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
কেকে/ এমএস