দীর্ঘদিনের দাবির পর জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে দুই দিকেই যাত্রাবিরতি শুরু করেছে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস।
সোমবার (৫ অক্টোবর) রাত থেকে ঢাকা-চিলাহাটি ও চিলাহাটি-ঢাকা—দুই রুটেই ট্রেনটি এ স্টেশনে থামছে। এতে আক্কেলপুরসহ আশপাশের এলাকার যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমার আশা তৈরি হয়েছে।
সোমবার রাত ১১টা ২০ মিনিটের দিকে প্রথমবারের মতো ঢাকা থেকে চিলাহাটিগামী ৮০৫ নম্বর চিলাহাটি এক্সপ্রেস আক্কেলপুর স্টেশনে থামে। এ সময় স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। ট্রেনের চালক, গার্ড ও সংশ্লিষ্ট কর্মীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা।
বাংলাদেশ রেলওয়ের ১ অক্টোবরের অফিস আদেশ অনুযায়ী, আক্কেলপুরে চিলাহাটি এক্সপ্রেসের নতুন যাত্রাবিরতি কার্যকর করা হয়েছে। আদেশে বলা হয়, ৮০৫ নম্বর ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে রাত ১০টা ৫৫ মিনিটে আক্কেলপুরে পৌঁছাবে এবং ১১টা ৫ মিনিটে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাবে। নতুন এ যাত্রাবিরতির কারণে অন্যান্য স্টেশনের সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। একই সঙ্গে আক্কেলপুর স্টেশনের জন্য আসন বরাদ্দ ও টিকিট বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৩ সালের ৪ জুন চিলাহাটি এক্সপ্রেস চালুর পর থেকেই আক্কেলপুরে ট্রেনটির যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে চিলাহাটি থেকে ঢাকাগামী ৮০৬ নম্বর ডাউন ট্রেনটি আক্কেলপুরে সাময়িকভাবে থামানো হয়। তবে ঢাকা থেকে চিলাহাটিগামী পথে ট্রেনটি এ স্টেশনে থামত না।
ফলে ঢাকা থেকে ফেরার সময় আক্কেলপুরের যাত্রীদের সান্তাহার বা জয়পুরহাট স্টেশনে নেমে সড়কপথে বাড়ি ফিরতে হতো। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হতো। এখন দুই দিকেই ট্রেনটি থামায় সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন যাত্রীরা।
আক্কেলপুরের পাশাপাশি পার্শ্ববর্তী বদলগাছীসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষও এ স্টেশন ব্যবহার করেন। বিশেষ করে রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার ক্ষেত্রে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হওয়ায় তাঁদের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, দীর্ঘদিন ধরে চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করে আসছেন তাঁরা। তাঁদের দাবি, জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর প্রচেষ্টায় চিলাহাটি এক্সপ্রেসের উভয়মুখী যাত্রাবিরতি অনুমোদন হয়েছে।
এ সময় পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাংগঠনিক সম্পাদক রায়হান খান, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, বিএনপি নেতা এম কেরামত আলী, আব্দুর রউফ ও তরিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আক্কেলপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, “রেলওয়ের অফিস আদেশ অনুযায়ী সোমবার রাত থেকে চিলাহাটি এক্সপ্রেসের আপ যাত্রাবিরতি কার্যকর হয়েছে। এখন থেকে ট্রেনটি আক্কেলপুর স্টেশনে উভয় দিকেই থামবে।”
কেকে/সাশ