হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে এএসআই ইলিয়াস হোসাইনের বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে এলে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
ভিডিও বার্তায় এএসআইকে বলতে শোনা যায়, “কিছু ঘটে, কিছু তো বটে। আমি যদি বলি, আমি ঘুষ খাই না—আমি বায়তুল মোকাররমের ইমাম? তাহলে কী হবে? পোশাক পরেছি ঘুষ খাওয়ার জন্যই।”
পুলিশ সূত্র জানায়, ভিডিওটির বিষয়বস্তু যাচাই করা হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে এএসআই ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ভিডিওটি আমি দেখেছি। এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এরই মধ্যে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, তদন্তে ভিডিওটির বক্তব্যের বিষয়বস্তু, এর প্রেক্ষাপট এবং এএসআই ইলিয়াস হোসাইনের সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কেকে/সাশ