সাবরেজিস্ট্রারদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে লটারির মাধ্যমে ঢাকার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদে বদলির জন্য ১৮ জন কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই লটারি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ ও নেতিবাচক প্রভাবের কথা সামনে এসেছে। এসব অনিয়মের সুযোগ কমিয়ে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই লটারির ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, লটারিতে নির্বাচিত ১৮ জনকে তাদের যোগ্যতা এবং সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনায় নিয়ে ঢাকার বিভিন্ন সাবরেজিস্ট্রি কার্যালয়ে পদায়ন করা হবে।
আইনমন্ত্রী আরও বলেন, সরকারি দপ্তরে দুর্নীতির যেসব ক্ষেত্র দীর্ঘদিন ধরে অনিয়মের সুযোগ তৈরি করেছে, সেগুলো ভেঙে দিতে সরকার কাজ করছে। সাবরেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলি সেই উদ্যোগেরই অংশ।
বদলি হওয়া কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় তাদের ওপর নিয়মিত নজরদারি থাকবে। কারও বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী জানান, সারা দেশে মোট ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে।
কেকে/সাশ