আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিশুরা সুন্দরভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তি আরও মজবুত হবে। তাই শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নিজস্ব প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘যার যে প্রতিভা আছে, সেটি তোমরা সুন্দরভাবে সম্পন্ন করো।’ শিশুদের নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘শুধু পড়াশোনার মধ্যে শিশুদের সীমাবদ্ধ না রেখে খেলাধুলাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ আরও ভালোভাবে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা জরুরি। আজকের শিশুরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ করে দিতে পারলে ভবিষ্যতে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। পড়ালেখার পাশাপাশি শিশুদের মানবিক হতে হবে।’
শিশুদের সৃজনশীলতার প্রশংসা করে তিনি তাদের প্রতিভা বিকাশে আরও উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই।’ শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য নিরাপদ, সুন্দর ও মানবিক পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে শিশুদের আঁকা ৩৫টি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়।
কেকে/ এমএস