অজ্ঞাত একটি ই-মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তল্লাশি চালিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে। সন্দেহজনক কাউকে মনে হলে তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে নিয়ম অনুযায়ী তল্লাশি করা হচ্ছে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামে একটি আইডি থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছে ই-মেইলটি পাঠানো হয়। এতে মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়।
হুমকি পাওয়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের কাছে ই-মেইলটি পাঠিয়ে সহযোগিতা চাওয়া হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানায়, অজ্ঞাত উৎস থেকে পাওয়া হুমকির বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান। তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে সম্ভাব্য কোনো হুমকি হিসেবে মনে হচ্ছে না। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।
কেকে/সাশ