মাগুরায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ থেকে ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাত পৌনে ১২টা থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর পৌনে ৪টা পর্যন্ত মাগুরা সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাশিনাথপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শাহীন আলম (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং সদর উপজেলার নন্দলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সদর থানা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) যৌথভাবে কাশিনাথপুরে শাহীন আলমের বাড়িতে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ইয়াবার চালান বাথরুমের ড্রেনে ফেলে গোপন করার চেষ্টা করেন। তবে অভিযানকারী দলের সদস্যরা বাথরুম তল্লাশি করে সেখান থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
পরে বসতঘরে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক সরবরাহে ব্যবহৃত ১৩৫ সিসির একটি ডিসকভারি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে মাগুরা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। এ ঘটনায় মাদক সরবরাহের মূল হোতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ করা হচ্ছে না।
পুলিশের নথি অনুযায়ী, শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে। তার স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধেও দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাগুরাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
কেকে/সাশ