জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটি চলবে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বাণিজ্যসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও জাপানের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে জনশক্তি রপ্তানি-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুই পক্ষের সম্মতি পাওয়া গেলে প্রধানমন্ত্রীর সফরেই এটি সই হতে পারে।
চার দিনের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে।
কেকে/এআই