কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, যানবাহন চলাচল এবং প্রতিমা বিসর্জনসহ দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের গুজব, অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ২৩টি পূজামণ্ডপে আইপি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে। পূজামণ্ডপগুলোতে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাঈম আব্দুল, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. জালাল উদ্দীন, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের আমির শাজাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের এজিএম মো. সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক রাখাল চন্দ্র শীল, সদস্য সচিব কাজল চন্দ্র সরকার, উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক রিমা আক্তার, শশীদল ও সালাদা নদী বিওপির ক্যাম্প কমান্ডার তাকবীর, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী মো. আমানত খাঁন, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলী, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মানস কুমার রায় এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ