বিএনপির প্রবীণ নেতা, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বাংলাদেশের অর্থনীতি সংস্কারের অন্যতম কারিগর মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ‘এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ মৌলভীবাজার’-র উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
দিনের শুরুতে সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুম সাইফুর রহমানের কবর জিয়ারত করা হয়। এরপর বাদ যোহর মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদরাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মাদরাসার শতধিক এতিম শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সৈয়দ তৌফিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মু. ইমাদ উদ দীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্ট সদস্য ও সমাজসেবক আলহাজ্ব এমএ মুকিত, মৌলভী ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাহ উর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কবর জিয়ারত ও দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ এবং জেলা জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী।
১৯৩১ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন বীর রাজনৈতিক ব্যক্তিত্ব এম সাইফুর রহমান। সাদামাটা জীবনযাপন ও প্রখর ব্যক্তিত্বের কারণে তিনি সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। বাংলাদেশে আধুনিক ভ্যাট ব্যবস্থার জনক এবং দেশের ইতিহাসে একনাগাড়ে রেকর্ড ১২ বার বাজেট পেশ করা। এ সফল অর্থমন্ত্রী শুধু অর্থনীতিতেই নয়, নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ গোটা সিলেট বিভাগের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেশবরণ্যে এ অর্থনীতিবিদ মৃত্যুবরণ করেন।
কেকে/এআই