বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র এলাকায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইএফপিসিএলের ডেপুটি হেড অব প্ল্যান্ট মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী এবং মোংলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তারা জানায়, দূরবর্তী এলাকা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে বাইসাইকেলগুলো সময় বাঁচানোর পাশাপাশি যাতায়াতের ভোগান্তি কমাবে।
বিআইএফপিসিএলের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসারে কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা প্রণোদনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সহায়তা সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।
কেকে/এআই